ঈদুল ফিতরের ছুটিতে বেরোবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১৬:৪১ | অনলাইন সংস্করণ
বেরোবি প্রতিনিধি

ঈদুল ফিতরের উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার (০৯ মার্চ) থেকে ২৮ মার্চ পর্যন্ত জুমাতুল বিদা, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
এছাড়াও সকল শিক্ষার্থীকে আইডি কার্ড সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের জন্য অনুরোধ করা হয়েছে।
