পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেটসহ ৭ ক্রীড়া ইভেন্ট যুক্ত করার নির্দেশ

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১৫:৫৭ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ে ফুটবল, ক্রিকেট, দাবা, সাঁতারসহ ৭টি ক্রীড়া সম্পর্কিত পাঠ ও ব্যবহারিক বিষয় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। চিঠিটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সারা দেশের শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় গঠিত কমিটির প্রথম সভা গত ১৪ মার্চ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স ও সাঁতার— সাতটি ক্রীড়া ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এ প্রেক্ষাপটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো এই সাতটি ইভেন্ট শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এনসিটিবিকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।