গুচ্ছ পরীক্ষা: নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৮ হাজার পরীক্ষার্থী
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১৮:৪৬ | অনলাইন সংস্করণ
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভর্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সি (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা। দেশব্যাপী একযোগে মোট ২১টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত বিভিন্ন উপকমিটি তাদের কার্যক্রম পরিচালনা শুরু করেছে। কলা ভবন, বিজ্ঞান ভবন, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোট ১১৩টি কক্ষে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।
ভর্তি পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হবে। পরীক্ষাকেন্দ্র ও তার আশপাশে ১৪৪ ধারা কার্যকর থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তাছাড়া এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নেবে ১৮ হাজার ৫২৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে এ ইউনিটের পরীক্ষায় ১০,৩৫৩ জন, বি ইউনিটে ৭,০০৭ জন এবং সি ইউনিটে ১,১৬৫ জন পরীক্ষার্থী অংশ নেবে।
সার্বিক প্রস্তুতির বিষয়ে গুচ্ছ টেকনিক্যাল কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম জানান, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষাকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবারও পূর্বের ন্যায় নানা প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে, যাতে পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা যায়।
তিনি আরও জানান, ভর্তি পরীক্ষা সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে একাধিক উপ-কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির মধ্যে টেকনিক্যাল, আইন-শৃঙ্খলা, আসন বিন্যাস, ডিউটি রোস্টার, প্যাকেজিং, চিকিৎসা, পরিবহন, সম্মানী বণ্টন, জনসংযোগ ও আপ্যায়ন উপ-কমিটি উল্লেখযোগ্য। এসব কমিটি নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে ভর্তি পরীক্ষার সার্বিক কার্যক্রম সমন্বয় করবে।
উল্লেখ্য, শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সি (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা, ৩ এপ্রিল ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ১০ এপ্রিল ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
একইদিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) পরীক্ষাও অনুষ্ঠিত হবে।
