স্বাধীনতার ঘোষণায় জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান: বেরোবি উপাচার্য
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১৯:৫৪ | অনলাইন সংস্করণ
বেরোবি প্রতিনিধি

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে নয় মাসব্যাপী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জনে অনুপ্রেরণা জুগিয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য আরও বলেন, ১৯৭১ সালের এই দিনে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে স্বাধীন বাংলাদেশের। দেশের স্বাধীনতা অর্জনে সকল শহীদের স্মৃতির প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান।
এর আগে, সকালে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে স্বাধীনতা শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য। শোভাযাত্রাটি দক্ষিণ গেট থেকে শুরু হয়ে শহীদ আবু সাঈদ চত্বর ঘুরে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা স্মারকে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর, আবাসিক হল, ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে উপাচার্য স্বাধীনতা স্মারকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে পর্যায়ক্রমে বিভিন্ন অনুষদ, বিভাগ, আবাসিক হল, ইনস্টিটিউট ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক এবং গণিত বিভাগের প্রফেসর ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় মূল আলোচক ছিলেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।
জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মো. এহতেরামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ খন্দকার গোলাম মোস্তফা, ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের কর্মকর্তা ড. মো. রোকনুজ্জামান, সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার মো. তারিকুল ইসলাম এবং বেরোবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম শাহেদুল আলম সাগর প্রমুখ।
দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া বিকেলে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক এবং ভিশনারি ইয়ুথ সোসাইটি, রংপুরের উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
