নজরুল বিশ্ববিদ্যালয়ে ২ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১৭:৪৯ | অনলাইন সংস্করণ

  নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। আগামী ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখকে কেন্দ্র করে এ মেলা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন মেলায় স্টল বরাদ্দের জন্য আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। স্টল নিতে ইচ্ছুকদের বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরে যোগাযোগ করতে হবে এবং ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে স্টল বরাদ্দ দেওয়া হবে।

মেলাকে ঘিরে ইতোমধ্যে ক্যাম্পাসজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। চারুকলা বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তৈরি করছেন নান্দনিক ভাস্কর্য, চারু ও কারুকার্যসহ নানা বৈশাখী সাজসজ্জা। ক্যাম্পাসের কেন্দ্রীয় মাঠের সংস্কার কাজ চলমান থাকায় বিশ্ববিদ্যালয়ের মিনি গ্রাউন্ডে এ মেলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

চারুকলা বিভাগের শিক্ষার্থীরা জানান, মেলায় আলপনা অঙ্কন, হস্তশিল্প প্রদর্শনী, লাইভ আর্ট, ফটো কর্নারসহ বিভিন্ন অংশগ্রহণমূলক আয়োজন রাখা হবে, যাতে দর্শনার্থীদের জন্য মেলাটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী জানান, “১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে ঘুড়ি উড়ানোসহ লোকজ খেলাধুলার আয়োজন থাকবে। এছাড়া বৈশাখী পদযাত্রায় ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে, যেখানে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

তিনি আরো বলন, “এই বৈশাখী মেলায় ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতি, ঘুড়ি উৎসব, নাগরদোলা, দেশীয় খাবার, হস্তশিল্প ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন থাকবে। শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের অংশগ্রহণে মেলাটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।”

উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও বাংলা নববর্ষকে ঘিরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হচ্ছে এসব বর্ণিল কর্মসূচি, যা ক্যাম্পাসে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন করে তুলে ধরবে।