ইবিতে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ২১:১৫ | অনলাইন সংস্করণ
ইবি প্রতিনিধি

দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা।
শুক্রবার (১০ এপ্রিল) ‘এ ইউনিট তথা বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ৯টি ভবনের ১৯৫টি কক্ষে এ পরীক্ষা নেয়া হয়।
এ কেন্দ্রে ১১ হাজার ১৮৬ জন ভর্তিচ্ছুর আবেদনের বিপরীতে পরিক্ষায় অংশগ্রহণ করেন ৮ হাজার ৭৭৯ জন, যেখানে উপস্থিতির হার ৭৮.৪৯ শতাংশ।
এছাড়াও আজ বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার ব্যাবহারিক (ড্রয়িং) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন পরীক্ষা-কক্ষ সরেজমিনে পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এসময় তার সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ইবি কেন্দ্রের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।
পরীক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে পুলিশ, র্যাবের টহল দল ও আনসার সদস্য মোতায়েন করা হয়। ক্যাম্পাসে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এছাড়াও যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় প্রক্টরিয়াল বডির পাশাপাশি বিএনসিসি এবং রোভার স্কাউট গ্রুপ তৎপর ছিল। প্রশাসনের উদ্যোগে তথ্য ও স্বাস্থ্য কর্ণার থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সেবা প্রদান করা হয়। মেইন গেটের সামনে দুই পাশে স্থাপিত ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর স্টলগুলো থেকেও বিভিন্ন সেবা প্রদান করা হয়।
