রাবিতে ছাত্রশিবিরের নববর্ষ প্রদর্শনী উৎসব

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ২১:৪৫ | অনলাইন সংস্করণ

  রাবি প্রতিনিধি

রংপুর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের মতোই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পহেলা বৈশাখ উপলক্ষে ভিন্নধর্মী আয়োজনে ‘নববর্ষ প্রদর্শনী উৎসব’ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হওয়া এ প্রদর্শনী রাত ৮টা পর্যন্ত চলে। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন মত ও দলের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

আয়োজনে বাংলা নববর্ষের ইতিহাস, এর গণনা পদ্ধতি, গ্রামীণ চিরায়ত জীবনধারা এবং বাঙালি মুসলমানের সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়। প্রদর্শনীতে পালকি, গরুর গাড়ি, ঢেঁকি, লাঙল, জোয়াল, হ্যাজাক লাইটসহ অতীত গ্রামীণ জীবনের বিভিন্ন উপকরণ স্থান পায়, যা দর্শনার্থীদের মধ্যে আগ্রহ তৈরি করে।

দর্শনার্থীরা জানান, এমন আয়োজনের মাধ্যমে হারিয়ে যেতে বসা ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরা সম্ভব হচ্ছে। অনেকেই এটিকে ব্যতিক্রমী ও শিক্ষণীয় উদ্যোগ হিসেবে দেখছেন।

আয়োজকরা জানান, নববর্ষের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি গ্রামীণ সংস্কৃতি ও মুসলিম ঐতিহ্যের উপাদানগুলোকে ইতিবাচকভাবে উপস্থাপনই ছিল তাদের মূল লক্ষ্য। শুরুতে ভিন্ন নামে আয়োজনের পরিকল্পনা থাকলেও বিতর্ক এড়াতে পরবর্তীতে নাম পরিবর্তন করা হয়।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই প্রদর্শনীতে দিনভর শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসে বৈশাখী আমেজ বিরাজ করে।