সাংবাদিকসহ চবির ৪ শিক্ষার্থীকে মারধর, গ্রেপ্তার ২

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১৭:৪৬ | অনলাইন সংস্করণ

  চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধিসহ চারজন আহত হওয়ার পর আলোচিত ঘটনায় অভিযুক্ত দুই প্রধান হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) ভোর ৪টার দিকে প্রধান অভিযুক্ত মোহাম্মদ ইমনকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে একই রাতে রাত আড়াইটার দিকে পূর্বে চবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত নাঈমকে গ্রেপ্তার করা হয়। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

হামলার ঘটনায় আহত চার শিক্ষার্থী হলেন— যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আলীমুল শামীম, একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হোসেন ফরহাদ, তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধি জাহিন সরকার আবির এবং আশিকুর ইসলাম।

তাদের মধ্যে আবির হাতে গুরুতর আঘাত পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের অতর্কিত হামলার ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে চাকসু নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

মারধরের শিকার যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর ইসলাম বলেন, আমরা দুইজন সিনিয়র এবং বন্ধুরা মিলে হোটেলে খেতে গিয়েছিলাম। খাওয়া শেষে বাসে আসার জন্য দাঁড়ালে পেছন থেকে দুইজন স্লোগান দিয়েছিল। তখন স্থানীয় দুইজন তেড়ে আসে। আমাদের তিনজনকে ঘুসি মারতে শুরু করে।

তখন সময় টিভির প্রতিনিধি আবির ভিডিও করলে তার হাতে লাঠি দিয়ে আঘাত করা হয়। ও হাতে গুরুতর আঘাত পেয়েছে।

এ সম্পর্কে চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘আমরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি। এ ধরণের ধারাবাহিক অনাকাঙ্ক্ষিত ঘটনা চবিয়ানদের ধৈর্য্যের সীমা অতিক্রম করে চলেছে। প্রশাসনকে বলবো অতি দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করেন। বারবার আমাদের শিক্ষার্থীদের স্থানীয়দের হাতে মার খাওয়ার কোনো যৌক্তিকতা নাই। এ ঘটনায় আসামীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, একজন সাংবাদিকসহ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩ জন শিক্ষার্থীকে মারধর করা হচ্ছে বলে জানতে পারি। তাদের মধ্যে আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং একজন চবি মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। ঘটনা জানার পর আমরা পুরো টিম ঘটনাস্থলে যাই। দ্রুতই আসামিদের গ্রেফতার করা হবে।

গ্রেফতারের বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুইজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তারা হাটহাজারী মডেল থানায় আটক রয়েছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাদের আদালতে পাঠানো হবে।