ইবিতে ৮ দফা দাবিতে উপাচার্যের সঙ্গে শিবিরের সাক্ষাৎ
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ২০:৩০ | অনলাইন সংস্করণ
ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়-এর সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা ও শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারসহ ৮ দফা দাবি নিয়ে উপাচার্যের সাথে সাক্ষাৎ করেছে শাখা ছাত্রশিবির। এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ দাবিগুলো বাস্তবায়নের ইতিবাচক আশ্বাস দেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) আড়াইটায় উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
সংগঠনটির উত্থাপিত বাকি দাবিগুলো হলো— পেমেন্ট সিস্টেম ডিজিটাল করা, সার্টিফিকেট উত্তোলনে ভোগান্তি নিরসন এবং অনার্স-মাস্টার্স শেষে সংশ্লিষ্ট বিভাগে সার্টিফিকেট সরবরাহের ব্যবস্থা করা, সাজিদ আব্দুল্লাহর নামে একটি হলের নামকরণ, সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের সমস্যা সমাধান, কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়ক সংস্কার, মেডিকেল সেবার মানোন্নয়ন ও প্রয়োজনীয় সরঞ্জাম বৃদ্ধি, শহীদ জিয়াউর রহমান হল মসজিদের সংস্কার ও শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) স্থাপন, নতুন শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে এক জায়গা থেকে সকল স্বাক্ষর গ্রহণের ব্যবস্থা চালু করা।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন, অফিস সম্পাদক আসিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সাক্ষাৎ শেষে শাখা ছাত্রশিবিরের সভাপতি বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন দাবিদাওয়া আদায়ে তারা পূর্ব থেকেই কাজ করে আসছেন। পূর্বে উত্থাপিত দাবিগুলোর অগ্রগতি জানতে চাওয়ার পাশাপাশি নতুন করে কিছু দাবি উপস্থাপন করা হয়েছে। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
