ইবির শহীদ আবরার হলের প্রথম প্রভোস্ট ড. হাফিজুর রহমান
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৮:১৭ | অনলাইন সংস্করণ
ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনির্মিত শহীদ আবরার ফাহাদ হলের প্রথম প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. হাফিজুর রহমান।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর অনুমোদনে অধ্যাপক ড. হাফিজুর রহমানকে শহীদ আবরার ফাহাদ হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী এক বছর এই দায়িত্ব পালন করবেন এবং দায়িত্বকালীন সময়ে বিধি অনুযায়ী সব সুবিধা পাবেন।
বিশ্ববিদ্যালয়ের ৫৩৭ কোটি ৭ লাখ টাকার মেগা প্রকল্পের আওতায় ১০ তলাবিশিষ্ট দুটি ছাত্র হল ও দুটি ছাত্রী হল নির্মাণ করা হচ্ছে। নির্মাণ সম্পূর্ণ না হলেও ছাত্র হল-১ এর নামকরণ করা হয়েছে ‘শহীদ আবরার ফাহাদ হল’।
বর্তমানে হলের প্রথম ব্লকের কাজ শেষ পর্যায়ে থাকায় প্রশাসন প্রভোস্ট নিয়োগের মাধ্যমে পরিচালনার প্রস্তুতি শুরু করেছে। শিগগিরই হলটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর ও উদ্বোধন করা হবে বলে জানা গেছে।
নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. হাফিজুর রহমান বলেন, শহীদ আবরার ফাহাদ ছিলেন আধিপত্যবাদবিরোধী চেতনার প্রতীক।
এই হলের প্রথম প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়ে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, নির্মাণকাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। তার প্রথম অগ্রাধিকার থাকবে দ্রুত কাজ শেষ করে হলটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা। পাশাপাশি প্রতিটি কক্ষ পরিদর্শন করে সবকিছু প্রস্তুত আছে কি না নিশ্চিত করার পরই সিট বরাদ্দ দেওয়া হবে।
শিক্ষার্থীদের জন্য সমতা ও ন্যায় নিশ্চিত করা এবং একটি সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব আবাসিক পরিবেশ গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য বলেও তিনি জানান।
