থানায় ঢুকে ডাকসু সদস্যদের ওপর হামলা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ২১:৪৩ | অনলাইন সংস্করণ

রাজধানীর শাহবাগ থানায় ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকসহ কয়েকজন নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। এ হামলার জন্য ছাত্রদলকে দায়ী করা হচ্ছে।

হামলায় ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়েরসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর শাহবাগ এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক ছবি পোস্টের ঘটনায় মামলা করতে রাতে শাহবাগ থানায় যান ছাত্রদলের নেতাকর্মীরা। পরে খবর পেয়ে সেখানে উপস্থিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাংবাদিক, ছাত্রশিবির ও ডাকসুর প্রতিনিধিরা।

একপর্যায়ে বিষয়টি নিয়ে কথা-কাটাকাটি থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

পরিস্থিতির এক পর্যায়ে শাহবাগ থানার ভেতরে ঢুকে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলা চালানো হয়। এ সময় ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়েরও থানার ভেতরে আটকা পড়েন।

এর আগে, সন্ধ্যায় ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি ও জাইমা রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিল ছাত্রদল। পরে মুসাদ্দিক ও এ বি জুবায়েরের নেতৃত্বে ছাত্রশিবিরের নেতাকর্মীরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ শুরু হয়। হামলার মুখে পড়ে একপর্যায়ে থানার ভেতরে আশ্রয় নেন ডাকসুর এই দুই নেতা।