ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৮:৩১ | অনলাইন সংস্করণ

  চবি প্রতিনিধি

পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাংবাদিক সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় তারা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।

মানববন্ধনে চবিসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, সাম্প্রতিক সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রদলের সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। পেশিশক্তি প্রয়োগ করে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করা হলে তা কোনোভাবেই সফল হবে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে দেশের মানুষের কাছে সব ধরনের অন্যায়, অবিচার ও নির্যাতনের চিত্র তুলে ধরবেন এবং কোনো চাপের মুখেই তারা দমে যাবেন না।

এ সময় চবিসাস সভাপতি রেফায়েত উল্যাহ রুপক বলেন, ঢাবির সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ক্যাম্পাস সাংবাদিকতার জন্য কলঙ্কজনক এবং এটি কেবল ব্যক্তিগত নয়, বরং প্রাতিষ্ঠানিক পর্যায়ের আঘাত। তিনি উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি জাতীয় পর্যায়ে সাংবাদিক নেতৃত্ব তৈরির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।

ঘটনায় ছাত্রদলের কিছু নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে জানিয়ে তিনি সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।