নজরুল বিশ্ববিদ্যালয়ে কুকুরের এন্টি-র্যাবিস টীকাদান কর্মসূচি শুরু
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ২০:৫৬ | অনলাইন সংস্করণ
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কুকুরের এন্টি-র্যাবিস টীকাদান কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকালে নতুন প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের অর্থায়নে আয়োজিত এই কর্মসূচি বাস্তবায়ন করছে Animal Welfare Society। এতে সহযোগিতা করছে Human Paws Initiative এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল। টীকাদানের পর কুকুরগুলোর গলায় হলুদ রঙের বেল্ট পরিয়ে চিহ্নিত করা হচ্ছে।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ক্যাম্পাসে কুকুরের কারণে শিক্ষার্থী, শিক্ষক ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল। এর আগে পৌরসভা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগকে ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হলেও কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায়নি। এ প্রেক্ষাপটে এনিমেল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগকে তিনি সাধুবাদ জানান এবং বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন ও এনিমেল ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। এছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এই টীকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
