ইবিতে বসছে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া আসর, থাকবেন প্রতিমন্ত্রী
প্রকাশ : ০২ মে ২০২৬, ১৫:৫৫ | অনলাইন সংস্করণ
ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। এতে অ্যাথলেটিক্স ও ছেলেদের বাস্কেটবল প্রতিযোগিতা আয়োজন করা হবে। চলতি মাসের ৪, ৫ ও ৬ তারিখে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা।
এবারের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ৩০টি ইভেন্টে অংশ নেবে দেশের ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব হোসেন এবং ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।
অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ছেলেদের জন্য ১৯টি ইভেন্ট রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ১০০, ২০০ ও ৪০০ মিটার স্প্রিন্ট, ৮০০, ১৫০০, ৫০০০ ও ১০,০০০ মিটার দৌড়, বর্ষা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, হাতুড়ি নিক্ষেপ, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, ত্রৈধ লাফ, দণ্ডলাফ, ১১০ ও ৪০০ মিটার বাধাদৌড় এবং ৪ গুণ ১০০ ও ৪ গুণ ৪০০ মিটার রিলে দৌড়।
মেয়েদের জন্য নির্ধারিত ১১টি ইভেন্টের মধ্যে রয়েছে ১০০, ২০০ ও ৪০০ মিটার স্প্রিন্ট, ১০০ মিটার বাধাদৌড়, বর্ষা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, উচ্চ লাফ, দীর্ঘ লাফ এবং ৪ গুণ ১০০ ও ৪ গুণ ৪০০ মিটার রিলে দৌড়।
প্রতিযোগিতায় অংশ নেবে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো। এর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ মোট ৫৬টি প্রতিষ্ঠান।
এছাড়া বাস্কেটবল প্রতিযোগিতায় অংশ নেবে সাতটি বিশ্ববিদ্যালয়— ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা ও শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. শেখ মোস্তাফিজুর রহমান জানান, দেশের অন্যতম বড় এই দুটি ক্রীড়া আয়োজন সফল করতে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। তিনি বলেন, প্রতিমন্ত্রী আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন।
