ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে তিতুমীর কলেজে বিক্ষোভ

প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৭:০৩ | অনলাইন সংস্করণ

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে তিন ছাত্রীকে বহিষ্কারের প্রতিবাদে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করলেন সরকারি তিতুমীর কলেজের ছাত্রীরা। 

মঙ্গলবার (৫ মে) রাত ১০টার দিকে কলেজের সুফিয়া কামাল ছাত্রীনিবাসের মূল ফটকের তালা ভেঙে বিক্ষোভ শুরু করেন ছাত্রীরা। রাত ১২টার পরও চলছিল সে বিক্ষোভ।

জানা যায়, গত ৩ মে সুফিয়া কামাল হলে ছাত্রদলের ১১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এরপর ছাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ওই কমিটি প্রত্যাহার করা হয়।

এ ঘটনার পর কলেজ প্রশাসন তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। তবে শিক্ষার্থীদের অভিযোগ, কোনো ধরনের সুষ্ঠু তদন্ত ছাড়াই তিন শিক্ষার্থীর হলের সিট বাতিল করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীদের অভিযোগ, হলের সিট বাতিলের নোটিশে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। নোটিশে তদন্ত কমিটির পর্যবেক্ষণের কথা উল্লেখ থাকলেও বাস্তবে তদন্ত কমিটি তাদের সঙ্গে কোনো কথা বলেনি।

শিক্ষার্থীদের দাবি, ছাত্রী হলে কোনো ধরনের ছাত্ররাজনীতি তারা চান না। বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। 

 

আবা/এসআর/২৬