নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশ : ০৭ মে ২০২৬, ১৮:০৪ | অনলাইন সংস্করণ

  নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সরকারের আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিকল্পিতভাবে ৪ হাজার ৫০০ বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিটির উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

বুধবার (৬ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন এলাকায় কয়েকটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এসময় উপাচার্য বলেন, সরকারের বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবার পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, আগামী পাঁচ বছরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোট ৪ হাজার ৫০০ গাছের চারা রোপণ করা হবে। এর মধ্যে চলতি বছরের বর্ষা মৌসুমে ১ হাজার, ২০২৭ সালে ২ হাজার এবং ২০২৮ থেকে ২০৩০ সাল পর্যন্ত প্রতি বছর ৫০০টি করে গাছ রোপণ করা হবে।

তিনি আরও বলেন, অতীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে গাছ লাগানো হলেও এবার সুপরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। এতে ক্যাম্পাসের পরিবেশগত ভারসাম্য রক্ষা, সৌন্দর্য বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, পরিবহণ প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমীসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অন্যান্যরা।