রাবিতে আবাসন সংকট: ভাতার দাবিতে সম্মিলিত হল সংসদের স্মারকলিপি

প্রকাশ : ১৪ মে ২০২৬, ২১:৪৮ | অনলাইন সংস্করণ

  রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে অনাবাসিক শিক্ষার্থীদের মাসিক আবাসন ভাতা প্রদানসহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে সম্মিলিত হল সংসদ। 

বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীনের কাছে এ স্মারকলিপি দেন সম্মিলিত হল সংসদের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো হলো— বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ আবাসিক না হওয়া পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের জন্য মাসিক আবাসন ভাতা চালু, পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে সুস্পষ্ট ও সময়োপযোগী রোডম্যাপ প্রণয়ন এবং আবাসিক হলসমূহে রাজনৈতিক প্রভাবমুক্ত, স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে সিট বণ্টন নিশ্চিত করা।

নেতৃবৃন্দ বলেন, আবাসন সংকট বর্তমানে শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাভাবিক জীবনযাত্রার অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। তাই শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এসময় সম্মিলিত হল সংসদের পক্ষ থেকে তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।

এসময় ১৭টি হল সংসদের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন এসএম হল সংসদের ভিপি শামীম পাটোয়ারী, আমীর আলী হল সংসদের ভিপি নাইম ইসলাম, জিয়া হল সংসদের ভিপি মোজাম্মেল হক, লতিফ হল সংসদের ভিপি নেয়ামত উল্লাহ, বিজয়-২৪ হল সংসদের ভিপি রাসেল মিয়া এবং শেরে বাংলা হল সংসদের জিএস তানজিল হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।