নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মোশাররফ হোসেন

প্রকাশ : ১৬ মে ২০২৬, ২২:১৫ | অনলাইন সংস্করণ

  নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৮ম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে যোগদানপত্রে স্বাক্ষর করে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে, গত বৃহস্পতিবার (১৪ মে) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণের পর তিনি বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্য ও ‘চির উন্নত মম শির’ ভিত্তিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে তিনি ডিন, বিভাগীয় প্রধান ও দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, তিনি একজন শিক্ষক হিসেবে পেশাগত জীবনে বিশ্বাস করেন সহযোগিতা, সহমর্মিতা ও সুপরামর্শের ওপর। সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের গঠনই মূল লক্ষ্য হওয়া উচিত, তাদের ব্যবহার করা নয়। দোষ-গুণ মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য, তাই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ এনে পরিবেশ নষ্ট না করার আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যালয়কে দল-মত নির্বিশেষে একটি মানসম্পন্ন ও শিক্ষার্থী-বান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন ১৯৭৫ সালের ১০ ডিসেম্বর জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মুকুন্দবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি এসএসসি ও এইচএসসিতে ঢাকা শিক্ষা বোর্ডে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরে ভারতের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে জৈবপ্রযুক্তি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০০৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। পরবর্তীতে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে উন্নীত হন। ২০২৪ সালের ৬ নভেম্বর তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে যোগ দেন।

তার ১০টি বই এবং ৫৩টি গবেষণা প্রবন্ধ বিভিন্ন দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণায় তার উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও বিশ্ব বিজ্ঞান একাডেমির তরুণ বিজ্ঞানী স্বর্ণপদকসহ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার ও ফেলোশিপ অর্জন করেন।