নতুন উপাচার্য প্রত্যাখ্যান, তিন দাবিতে ডুয়েটে ‘ব্লকেড’ কর্মসূচি
প্রকাশ : ১৮ মে ২০২৬, ১৩:২৭ | অনলাইন সংস্করণ

তিন দফা দাবিতে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত রয়েছে।
সোমবার (১৮ মে) সকাল থেকে ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচি শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করা হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
গত বৃহস্পতিবার সরকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এরপর থেকেই শিক্ষার্থীদের একটি অংশ এই নিয়োগের বিরোধিতা করে আন্দোলনে নামে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়। তাই এখানকার শিক্ষা ও প্রশাসনিক কাঠামোর বাস্তবতা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত।
নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা ঢাকা-শিমুলতলী সড়কে আগুন জ্বালিয়ে অবস্থান নেন। শুক্রবারও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নেন। একই সঙ্গে নতুন উপাচার্যকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ব্যানার টাঙানো হয়।
এর ধারাবাহিকতায় রোববার সকালে ‘নতুন ভিসিকে লাল কার্ড’ কর্মসূচি পালন করা হয়। সকাল থেকেই আন্দোলনরত শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।
এ সময় আন্দোলনের পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হন।
গাজীপুর মহানগরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মহানগর পুলিশ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।
