নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশালে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশ : ২৫ মে ২০২৬, ১৭:৪২ | অনলাইন সংস্করণ

  নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শতবর্ষ আগে যিনি সুবিধাবঞ্চিত, অসহায় ও পথশিশুদের অধিকার এবং সাম্যের বাণী শুনিয়েছেন, সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন নবোদ্যম ফাউন্ডেশন। সংগঠনটির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ব্যবস্থাপনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. নওসাদ আলী বলেন, নজরুল ছিলেন সাম্য ও মানবতার কবি।

তিনি আজীবন সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের অধিকারের কথা বলে গেছেন। কবির স্মৃতিধন্য ত্রিশালের মাটিতে তাঁর জন্মজয়ন্তীকে ঘিরে পরিবেশের ভারসাম্য রক্ষায় এই সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, একটি সবুজ ও সুন্দর পৃথিবী গড়তে নজরুলের সাম্যবাদী দর্শন তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।

সাধারণ সম্পাদক মো. মেহেদি হাসান রনি জানান, নবোদ্যম ফাউন্ডেশন সবসময় সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে—যাদের অধিকারের কথা নজরুল শতবর্ষ আগেই তার লেখনীতে তুলে ধরেছিলেন। কবির জন্মজয়ন্তীকে স্মরণীয় করে রাখতেই এই পরিবেশবান্ধব উদ্যোগ নেওয়া হয়েছে।

নজরুলের আদর্শ ধারণ করে ভবিষ্যতেও সংগঠনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মো. আশিকুর রহমান বলেন, জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তীর এই ঐতিহাসিক সময়ে ত্রিশালে বিশ্ববিদ্যালয় শাখার এমন উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। নজরুল মানেই অন্যায়-অবিচারের বিরুদ্ধে আপসহীন চেতনা এবং শোষিত মানুষের ভরসা।

তার মানবিক দর্শনকে ধারণ করেই নবোদ্যম ফাউন্ডেশন পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সপ্তাহব্যাপী এই কর্মসূচির আওতায় ক্যাম্পাসের আশপাশের বিভিন্ন উপযুক্ত স্থান ও স্থানীয় এলাকাগুলোতে গাছের চারা রোপণ এবং বিতরণ করা হবে।