কুবিতে ৩ ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে বহিরাগত যুবক আটক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১৬:৩১ | অনলাইন সংস্করণ
কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তিন নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করেছে শিক্ষার্থীরা।
সোমবার (২২ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম শরিফ (২৬)। তার বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাজারখোলা গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি সাইকেল চালিয়ে শহীদ মিনারের দিক থেকে আসা তিনজন শিক্ষার্থীর দিকে সরাসরি সাইকেল উঠিয়ে দেওয়ার উপক্রম করলে তারা পিছিয়ে যায়। তখন শরিফ তাদের সঙ্গে অশোভন আচরণ ও আপত্তিকর মন্তব্য করে।
এ পরিস্থিতি দেখে উপস্থিত বাংলা বিভাগের শিক্ষার্থী রাফি অভিযুক্তের পরিচয় জানতে চাইলে তার সঙ্গেও মারমুখী আচরণ শুরু করে। এ সময় কয়েকজন শিক্ষার্থী ও আনসার সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যায়।
পদার্থবিজ্ঞান বিভাগের ১৬তম আবর্তনের এক ভুক্তভোগী নারী শিক্ষার্থী বলেন, “আমরা তিনজন মিলে শহীদ মিনার থেকে আনুমানিক রাত ১০টার দিকে ক্যাফেটেরিয়ার রোড হয়ে আসছিলাম। হঠাৎ একজন বহিরাগত সাইকেল চালিয়ে সরাসরি আমাদের তিনজনের দিকে সাইকেল উঠিয়ে দেওয়ার উপক্রম করলে আমরা পিছিয়ে যাই। এরপর লোকটি সাইকেল নিয়ে আমাদের মাঝখানে দাঁড়িয়ে অশোভন আচরণ ও বাজে মন্তব্য করে। আমরা ভ্যাবাচেকা খেয়ে কিছু বলিনি। তখন বিশ্ববিদ্যালয়ের এক ছোট ভাই (রাফি) তাকে আটকায়। এরপর ওই লোক তার সঙ্গেও খারাপ ব্যবহার শুরু করে। পরে আরও শিক্ষার্থীরা এসে তাকে আটকায়। আমরা এখন নিজের ক্যাম্পাসেই নিরাপদ বোধ করছি না। আমরা চাই এসব ইভটিজারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, “বহিরাগত এক ব্যক্তি আমাদের ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করায় শিক্ষার্থীরা তাকে ধরে প্রক্টরিয়াল অফিসে নিয়ে আসে। তার পরিবারের সদস্যরাও আসেন। তার বাবা জানান, তার মানসিক সমস্যা রয়েছে এবং গত কয়েকদিন ধরে সে এ ধরনের আচরণ করছে। পরবর্তীতে ক্যাম্পাসে প্রবেশ না করার শর্তে তার বাবার কাছ থেকে মুচলেখা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।”
