তদন্তে মিলল না অভিযোগ, ক্যাম্পাসেই পরীক্ষা দেন ছাত্রলীগ নেত্রী

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১৭:৪৮ | অনলাইন সংস্করণ

  বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর (বেরোবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শাখা সাংগঠনিক সম্পাদক সুরাইয়া ইয়াসমিন ঐশীর বিরুদ্ধে স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারের মিডটার্ম পরীক্ষায় অংশগ্রহণ না করেই পাস করার অভিযোগ ওঠে।

ওই অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির অনুসন্ধানে উঠে এসেছে, তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ২২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির আহ্বায়ক ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক তানজিউল ইসলাম জীবন, সদস্য সচিব গণিত বিভাগের শিক্ষক মো. হান্নান মিয়া এবং সদস্য ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. ইলিয়াছ প্রামানিক।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

তদন্ত প্রতিবেদনে উঠে আসে, ঐশীর পরীক্ষাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই নিয়েছিলেন অভিযুক্ত শিক্ষক অধ্যাপক ড. রুহুল আমিন। ফলে শিক্ষক ক্যাম্পাসের বাইরে পরীক্ষা নিয়েছিলেন—এমন অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।

শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও সিন্ডিকেট সদস্য ড. মো. ইলিয়াছ প্রামানিক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পরীক্ষা না দিয়েই পাস এবং শিক্ষক ক্যাম্পাসের বাইরে পরীক্ষা নিয়েছেন—এমন অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। ওই শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন, তবে নির্ধারিত সময়ের পরে। পরীক্ষাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই নেওয়া হয়।

এ ঘটনায় কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় কাউকে শাস্তি দেওয়া হয়নি। ওই শিক্ষার্থী পরীক্ষা দিয়েই পাস করেছেন। সে সময়ের নিয়ম অনুযায়ী মিডটার্ম পরীক্ষা পরে দেওয়ার সুযোগ ছিল। বর্তমানে সেই সুযোগ আর নেই।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, পরীক্ষা না দিয়ে পাস করানো হয়েছে—এমন অভিযোগের সত্যতা তদন্তে পাওয়া যায়নি। ওই শিক্ষার্থী পরীক্ষা দিয়েই পাস করেছেন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারের মিডটার্ম পরীক্ষায় অংশগ্রহণ না করেই পাস করেছেন বলে সুরাইয়া ইয়াসমিন ঐশীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। গত ১৬ জুলাই আবু সাঈদ হত্যাকাণ্ডের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

ঐশীর সহপাঠীরা দাবি করেছিলেন, নির্ধারিত সময়ের মিডটার্ম পরীক্ষায় তারা তাকে (ঐশি) অংশ নিতে দেখেননি। তবে ঐশী শুরু থেকেই দাবি করে আসছিলেন, তিনি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।