সোমবার ঢাবির সব পরীক্ষা স্থগিত
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ২২:৪০ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ভারি বৃষ্টিতে ক্যাম্পাসে জলাবদ্ধতা তৈরি হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোমবারের সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সময়সূচি অনুযায়ী যথারীতি ক্লাস চলবে।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটগুলোর পরীক্ষা এ স্থগিতাদেশের আওতাভুক্ত থাকবে না। এসব প্রতিষ্ঠানের পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
রোববার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিমাদ্রি শেখর চক্রবর্তী বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবারের স্থগিত করা পরীক্ষাগুলোর নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটের প্রস্তাব অনুযায়ী যথাসময়ে ঘোষণা করা হবে।
ক্লাসের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুজাদ্দেদী আলফেছানী বলেন, " আজকের বৃষ্টির কারণে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল ও কুয়েত-মৈত্রী হলে বিদ্যুৎ ছিল না। তাই তাদের কথা বিবেচনা করে পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে আগামীকাল যথারীতি ক্লাস চলবে।"
এর আগে জলাবদ্ধতার কারণে রোববার শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত করা হয়। কয়েকটি বিভাগের ক্লাস বাতিল করা হয়।
আবা/এসআর/২৬
