পদার্থ বিজ্ঞানে ভুল প্রশ্ন প্রণয়ন, দায়ী ব্যক্তিরা বরখাস্ত: সংসদে শিক্ষামন্ত্রী
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১৬:৩৩ | অনলাইন সংস্করণ

চলতি এইচএসসি ও সমমান পরীক্ষায় পদার্থ বিজ্ঞান প্রথম পত্রে ভুল প্রশ্নপত্রে প্রণয়নে দায়ী ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন।
আজ বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, পদার্থ বিজ্ঞান প্রথম পত্রে ৬ ও ৭ নম্বর যে ভুল হয়েছে, তার জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নাম্বার দেওয়া হবে।
তিনি আরও বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে ২,৬৯৭ পরীক্ষা কেন্দ্র রয়েছে। ১২,৭০,৫৮৩ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
শিক্ষামন্ত্রী বলেন, সম্প্রতি ভারী বর্ষণ ও বৈরি আবহাওয়ায় চট্টগ্রামের পাঁচটি জেলায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রামের বাইরেও ঢাকাসহ কিছু কিছু জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরি আবহাওয়া ও বহুবিধ কারণে পরিক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। প্রতিকূল আবহাওয়া বা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমানে কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নে শিক্ষা বোর্ড নির্ধারিত একই তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, যেহেতু এইচএসসি শিক্ষার্থীদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ তাই বিশেষ বিবেচনায় এই বিশেষ সুযোগ প্রদান করা হলো।
