নবীন শিক্ষার্থীদের বরণ করল রাবি প্রেসক্লাব

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১৬:৪৩ | অনলাইন সংস্করণ

  রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নবীনদের স্বাগত জানানো হয়।

প্রেসক্লাবের সভাপতি আশিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কলা অনুষদের সাবেক ডিন ও প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুক হক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল ইসলাম মাসঊদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন মাহিন, ডালিম হোসেন শান্ত ও সফিকুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান বলেন, সাংবাদিকতা চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা শুরু থেকেই বাস্তব দক্ষতা অর্জনের সুযোগ পায়। কর্মজীবনে প্রবেশের পর এ অভিজ্ঞতার গুরুত্ব আরও বেশি উপলব্ধি করা যায়।

তিনি বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা একটি অত্যন্ত চ্যালেঞ্জিং পেশা। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসারের ফলে দ্রুত সংবাদ পরিবেশনের পাশাপাশি তথ্যের নির্ভুলতা নিশ্চিত করাও জরুরি হয়ে উঠেছে। তাই সংবাদ প্রকাশের আগে অবশ্যই তথ্য যাচাই-বাছাই করতে হবে এবং কোনো সংবাদ যেন অকারণে কারও ক্ষতির কারণ না হয়, সেদিকে সচেতন থাকতে হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুক হক বলেন, নানা প্রতিকূলতা অতিক্রম করে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পাশাপাশি প্রেসক্লাবের নবীন বরণ অনুষ্ঠানে অংশ নিয়েছে, তাদের সবাইকে অভিনন্দন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে শুধু একাডেমিক পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। সাংবাদিকতা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি সাংবাদিকতা শিখতে আগ্রহী শিক্ষার্থীদের প্রেসক্লাবের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বানও জানান।

প্রধান আলোচকের বক্তব্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ নয়; এর মাধ্যমে সমাজ, রাষ্ট্র ও মানুষের বাস্তবতা সম্পর্কে গভীর উপলব্ধি অর্জন করা সম্ভব। তিনি শিক্ষার্থীদের সাংবাদিকতার ইতিহাস ও শেকড় সম্পর্কে জানার ওপর গুরুত্বারোপ করে কাঙাল হরিনাথ ও মোনাজাত উদ্দীনের মতো সাংবাদিকদের কর্ম ও অবদান নিয়ে অধ্যয়নের আহ্বান জানান।

তিনি আরও বলেন, সমাজে নৈতিক অবক্ষয়ের প্রভাব গণমাধ্যমেও পড়ছে। তাই সাংবাদিকদের এমনভাবে কাজ করতে হবে যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের স্বার্থে গণমাধ্যমকে ব্যবহার করতে না পারে।

সমাপনী বক্তব্যে প্রেসক্লাব সভাপতি আশিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাংবাদিকতা এক ধরনের বিশেষ দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করে। একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে ক্যাম্পাস ও শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে থাকে। সাংবাদিকতা করতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলেও ঐক্যবদ্ধভাবে সেগুলো মোকাবিলা করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, যারা সত্যিকার অর্থে সাংবাদিকতায় আগ্রহী এবং এটিকে ভবিষ্যৎ ক্যারিয়ারের অংশ হিসেবে দেখতে চায়, তাদের জন্য প্রেসক্লাব সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে রাখবে।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবায়ের জিসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সহসভাপতি মারুফ হোসেন মিশন ও মিরাজ আফ্রিদি, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেহ শোয়েব, কোষাধ্যক্ষ ফজলে রাব্বি পরশ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফাহমিদুর রহমান ফাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মীর তুহিন, দপ্তর সম্পাদক আবু বকর অনিক, ক্রীড়া সম্পাদক সৈয়দ মাহিনসহ কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবারও উন্মুক্ত আহ্বান জানায় রাবি প্রেসক্লাব। এতে প্রায় ২০০ শিক্ষার্থী নিবন্ধন করেন। যাচাই-বাছাই শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫০ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।