গবেষণাপত্র রিজেক্ট হলেও হাল ছাড়বেন না: জাককানইবি উপাচার্য

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১৯:১৫ | অনলাইন সংস্করণ

  নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ভালো মানের জার্নালে গবেষণাপত্র প্রকাশের জন্য পাঠিয়ে প্রত্যাখ্যাত হলেও থেমে না যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি বলেন, গবেষণায় সফল হতে হলে ধৈর্য, অধ্যবসায় ও ধারাবাহিকতার বিকল্প নেই।

সোমবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্প সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, “ভালো মানের জার্নালে অনেক সময় গবেষণাপত্র রিজেক্ট হতে পারে। কিন্তু তাতে থেমে গেলে চলবে না। রিভিউয়ারদের পরামর্শ অনুসরণ করে গবেষণাকে আরও সমৃদ্ধ করে আবারও জমা দিতে হবে। গবেষকদের অত্যন্ত ধৈর্যশীল ও ধীর-স্থির হতে হবে।”

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষতার অন্যতম মানদণ্ড হলো গবেষণা। যে বিশ্ববিদ্যালয় গবেষণায় যত এগিয়ে, র‌্যাঙ্কিংয়েও সে তত এগিয়ে। আমাদের বিশ্ববিদ্যালয় তুলনামূলক নবীন হলেও গবেষণার ক্ষেত্রে আশাব্যঞ্জক অবস্থানে রয়েছে।”

শিক্ষকদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমাদের মাঝে গবেষণায় দক্ষ ও অভিজ্ঞ রিসোর্স পার্সন উপস্থিত আছেন। তাদের দিকনির্দেশনা কাজে লাগিয়ে গবেষণা প্রকল্পগুলো আরও পরিশীলিত করতে হবে। গবেষণা প্রতিবেদনগুলো ভালো মানের জার্নালে প্রকাশের উদ্যোগ নিতে হবে। আমি আপনাদের সঙ্গে নিয়ে এই বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞান ও গবেষণায় আরও এগিয়ে নিতে চাই।”

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন)।

স্বাগত বক্তব্য দেন ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান ড. আতিজা দীল আফরোজ। সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আতিকুল ইসলাম, প্রফেসর ড. পারভেজ আজহারুল হক, মো. ফরিদ উদ্দিন খান এবং ড. মুনশি ইসরাইল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদুর রহমান।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে আয়োজিত এ সেমিনারে সামাজিক বিজ্ঞান অনুষদের চারটি ভেন্যুতে মোট ৩৫টি গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয়।