কর্মকর্তা বদলিতে বৈষম্যের অভিযোগ রাবি অফিসার্স ফোরামের

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ২১:৫০ | অনলাইন সংস্করণ

  রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক ভবন থেকে জামায়াতপন্থী কর্মকর্তাদের বদলি করে তাদের স্থলে বিএনপিপন্থী কর্মকর্তাদের পদায়নের অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী কর্মকর্তাদের সংগঠন রাবি অফিসার্স ফোরাম।

একই সঙ্গে জ্যেষ্ঠ কর্মকর্তাদের জুনিয়র কর্মকর্তাদের অধীনে পদায়নেরও অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তারা।

অফিসার্স ফোরামের নেতারা জানান, গত ১৮ জুলাই রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদের স্বাক্ষরিত এক অফিস আদেশে ১৭ জন কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন বিভাগ ও দপ্তরে বদলি করা হয়। এর মধ্যে প্রশাসনিক ভবনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বিভাগে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে অফিসার্স ফোরামের সাধারণ সম্পাদক কাজী মামুন বলেন, “বদলি চাকরির স্বাভাবিক প্রক্রিয়া। তবে জ্যেষ্ঠ কর্মকর্তাদের মর্যাদা রক্ষা করে পদায়ন করা উচিত ছিল। দীর্ঘদিন প্রশাসনিক ভবনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের হঠাৎ বিভাগে বদলি এবং জুনিয়র কর্মকর্তাদের অধীনে পদায়ন কোনোভাবেই যৌক্তিক নয়। প্রশাসন বিষয়টি সমন্বয়ের আশ্বাস দিয়েছে। আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছি। অন্যথায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”

ফোরামের সভাপতি মো. মাসুদ রানা বলেন, “আমাদের প্রত্যাশা ছিল দলীয়করণের ঊর্ধ্বে উঠে যোগ্যতার ভিত্তিতে পদায়ন করা হবে। কিন্তু বাস্তবে এক পক্ষের কর্মকর্তাদের সরিয়ে অন্য পক্ষের ঘনিষ্ঠদের প্রশাসনিক ভবনে পদায়ন করা হচ্ছে। উপাচার্য বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে বৈষম্যমূলক পদায়ন অব্যাহত থাকলে সাধারণ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”