শিবির-ছাত্রদল সংঘর্ষে বেরোবিতে ৫ সদস্যের তদন্ত কমিটি

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১৮:১৬ | অনলাইন সংস্করণ

  বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান।

বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ রানাকে আহ্বায়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহবুবকে সদস্য সচিব করে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিজয়-২৪ হলের প্রভোস্ট আমির শরীফ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তানজিউল ইসলাম জীবন এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হারুন অর রশীদ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান বলেন, কমিটিকে সংঘর্ষের প্রকৃত কারণ এবং সার্বিক পরিস্থিতি তদন্ত করে অতিদ্রুত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে ‘জুডিশিয়ারি কিলিং’ সংবলিত একটি ছবিকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের জের ধরে উত্তেজনা মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকে।