এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৬:৪৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ (সোমবার) সারাদেশে একযোগে সকাল ১০টায় প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে শিক্ষার্থীরা।
রোববার (৯ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু বিজ্ঞপ্তিটিতে স্বাক্ষর করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুনর্নিরীক্ষণের জন্য অনলাইন আবেদন শুরু হবে ১১ আগস্ট থেকে, যা চলবে ১৭ আগস্ট পর্যন্ত।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল, চলে ২০ মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। আর দাখিল ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৪ মে।
ফল জানা যাবে যেভাবে-—
শিক্ষা বোর্ড সূত্র বলছে, সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। পাশাপাশি যে কোনো সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে প্রথমে ইংরেজিতে এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।
পরীক্ষার্থীদের ক্ষেত্রে এসএমএসের ফরম্যাট হবে এসএসসি-বোর্ড-রোল-বছর। মাদ্রাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীদের ফল জানতে এসএসসি-এমএডি-রোল-বছর লিখে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। আর কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের এসএসসি-টিইসি-রোল-বছর লিখে একই নম্বরে এসএমএস পাঠাতে হবে।
আবা/এসআর/২৬
