স্বাস্থ্য ও SRHR বিষয়ে সচেতনতা বাড়াতে রংপুরে কর্মশালা
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ২১:২৪ | অনলাইন সংস্করণ
বেরোবি প্রতিনিধি

স্বাস্থ্য অধিকার, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR), মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং নিরাপদ স্বাস্থ্যচর্চা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরে স্বাস্থ্য ও SRHR সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে-কলমে পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি প্যাড তৈরির প্রশিক্ষণও দেওয়া হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় আরএইচস্টেপ-অপরাজেয় তারুণ্য (UYP Project), রংপুরের সেমিনার কক্ষে ‘স্বাস্থ্য ও এসআরএইচআর সচেতনতা এবং হাতে-কলমে স্যানিটারি প্যাড প্রস্তুতকরণ কর্মশালা-০৪’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘স্বাস্থ্য ও এসআরএইচআর নিশ্চিত করবে স্বাস্থ্য অধিকার; সবার সমান অংশগ্রহণ আনবে টেকসই পরিবর্তন’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মশালায় ধর্মদাস কোটীপাড়া, ফতেপুর নয়াপাড়া, উত্তর শেখপাড়া ওরাও পল্লী ও আফানউল্লাহ উচ্চ বিদ্যালয়সহ প্রকল্পভুক্ত বিভিন্ন কমিউনিটি ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, শিক্ষার্থী, অভিভাবক ও কমিউনিটি প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালার প্রথম পর্বে SRHR বিষয়ে আলোচনা করেন মমিনপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের SACMO মো. মঞ্জুর হোসেন। তিনি বয়ঃসন্ধিকালের শারীরিক ও মানসিক পরিবর্তন, নারীর স্বাস্থ্য, মাসিক, প্রজনন স্বাস্থ্য, HPV টিকা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের বিষয়ে আলোচনা করেন।
মো. মঞ্জুর হোসেন বলেন, “কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি। নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সময়ে প্রশিক্ষিত স্বাস্থ্যসেবাদাতার পরামর্শ নেওয়ার বিষয়েও তাদের জানতে হবে।”
কর্মশালার দ্বিতীয় পর্বে ইনোভেটিভ ইয়ুথ অর্গানাইজেশন, রংপুরের Self-Employment Secretary শাহনাজ পারভীন পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি প্যাড তৈরির হাতে-কলমে প্রশিক্ষণ দেন। এ সময় কাপড় নির্বাচন, মাপ নেওয়া, কাটিং, বিভিন্ন স্তর তৈরি, সেলাই এবং প্যাডের সঠিক ব্যবহার ও সংরক্ষণ পদ্ধতি শেখানো হয়। পাশাপাশি অংশগ্রহণকারীরা নিজেরাই প্যাড তৈরিতে অংশ নেন।
শাহনাজ পারভীন বলেন, পুনঃব্যবহারযোগ্য প্যাড তৈরি শেখার মাধ্যমে একজন নারী নিজের প্রয়োজন মেটানোর পাশাপাশি অর্থ সাশ্রয় করতে পারেন এবং পরিবেশ দূষণ কমাতেও ভূমিকা রাখতে পারেন।
কর্মশালায় মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, লিঙ্গসমতা, অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ এবং মাসিককে ঘিরে প্রচলিত ভুল ধারণা ও সামাজিক কুসংস্কার নিয়েও আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে প্রজেক্ট অফিসার অনিমেষ রায় বলেন, কর্মশালাটির লক্ষ্য কেবল একদিনের প্রশিক্ষণ প্রদান নয়; বরং অংশগ্রহণকারীদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটিতে স্বাস্থ্য ও SRHR বিষয়ে সঠিক তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য Change Agent হিসেবে তৈরি করা।
কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে মো. মঞ্জুর হোসেন ও শাহনাজ পারভীন উপস্থিত ছিলেন। এছাড়া প্রজেক্ট অফিসার অনিমেষ রায়, ইয়ুথ অফিসার স্বর্ণালী আচার্য্য, অন্যান্য মেন্টর ও ইয়ুথ অ্যাডভোকেটরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
