স্বাস্থ্য অধিকার ও SRHR নিয়ে রংপুরে প্রান্তিক জনগোষ্ঠীর সংলাপ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ২০:৪৮ | অনলাইন সংস্করণ

  বেরোবি প্রতিনিধি

প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার (SRHR) বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবা গ্রহণে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে রংপুরে অনুষ্ঠিত হয়েছে ‘স্বাস্থ্য এবং SRHR-সংলাপ ও কার্যক্রমে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিতকরণ’ কর্মসূচি।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় আরএইচস্টেপের অপরাজেয় তারুণ্য (UYP Project), রংপুরের উদ্যোগে RHSTEP-UYP Project-এর সেমিনার কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য ও SRHR সেবা গ্রহণের প্রতিবন্ধকতা, স্বাস্থ্য অধিকার এবং এসব সমস্যা সমাধানে সরকারি-বেসরকারি উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সবুজ রায়। তিনি পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে প্রান্তিক জনগোষ্ঠীর সচেতনতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কোথায় গেলে সহজে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবা পাওয়া যায় এবং সরকারি পরিবার পরিকল্পনা বিভাগের মাধ্যমে কী ধরনের সেবা গ্রহণ করা সম্ভব, সে বিষয়ে আলোচনা করেন।

আলোচনায় দারিদ্র্য, সচেতনতার অভাব, সামাজিক কুসংস্কার, বৈষম্য, প্রতিবন্ধীবান্ধব অবকাঠামোর ঘাটতি এবং প্রয়োজনীয় স্বাস্থ্য ও SRHR সেবার সীমিত সুযোগকে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা গ্রহণের অন্যতম প্রধান বাধা হিসেবে চিহ্নিত করা হয়।

পরে বিভিন্ন কমিউনিটি থেকে আসা অংশগ্রহণকারীদের নিয়ে একটি অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে তারা নিজ নিজ কমিউনিটির স্বাস্থ্য ও SRHR-সংক্রান্ত সমস্যা চিহ্নিত করে সম্ভাব্য সমাধানের প্রস্তাব তুলে ধরেন। এসব সমাধান বাস্তবায়নে কমিউনিটির সদস্যদের ভূমিকা এবং সরকারের করণীয় নিয়েও আলোচনা ও মতামত উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অপরাজেয় তারুণ্য (UYP Project), রংপুরের প্রজেক্ট অফিসার অনিমেষ রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়ুথ অফিসার স্বর্ণালী আচার্য। এছাড়া প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দেন ইয়ুথ অ্যাডভোকেট দিপা রাণী।