সদরঘাটের নৌকা থেকে বিশ্বমঞ্চে শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল’

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১৬:০৮ | অনলাইন সংস্করণ

  নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকার সদরঘাটের নৌকায় জীবিকার জন্য ছুটে চলা মাঝিদের জীবনসংগ্রামের গল্প এবার পৌঁছেছে বিশ্বমঞ্চে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ শ্রাবনের তোলা ‘ফ্লোটিং সারভাইভাল’ শীর্ষক আলোকচিত্র আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ডেকাগন গ্যালারি আয়োজিত ‘ওভারকামিং—হোয়াট রিমেইনস স্ট্যান্ডিং ২০২৬’ প্রতিযোগিতায় ছবিটি ‘সেকেন্ড প্লেস’ নির্বাচিত হয়। এ অর্জনের স্বীকৃতি হিসেবে শ্রাবন পেয়েছেন ২৫০ মার্কিন ডলার। পাশাপাশি ছবিটি প্রতিযোগিতার আন্তর্জাতিক প্রদর্শনীতেও স্থান পেয়েছে।

সদরঘাটে ধারণ করা ছবিটিতে উঠে এসেছে মাঝিদের জীবনের এক অনুচ্চারিত বাস্তবতা। সারাদিন নৌকা চালিয়ে জীবিকা নির্বাহের পর অনেক মাঝির বাড়ি ফেরার সুযোগ থাকে না। যে নৌকা দিয়ে সারাদিন জীবিকার সন্ধান করেন, রাত হলে সেটিই হয়ে ওঠে তাঁদের আশ্রয়। কর্মস্থল, জীবিকার মাধ্যম আর রাত কাটানোর ঠিকানা—সবকিছুই যেন একই নৌকাকে ঘিরে।

এই বাস্তবতাকেই ক্যামেরার ফ্রেমে বন্দি করেছেন শ্রাবন। তাঁর ছবিতে শুধু কয়েকজন মাঝির জীবনযাপন নয়, বরং প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার এক বৃহত্তর গল্প ফুটে উঠেছে।

‘ওভারকামিং—হোয়াট রিমেইনস স্ট্যান্ডিং ২০২৬’ প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল প্রতিকূলতা, সংগ্রাম ও সংকটের মধ্যেও মানুষের টিকে থাকার গল্প তুলে ধরা। বিশ্বের বিভিন্ন দেশের আলোকচিত্রীরা এতে অংশ নেন। সারভাইভাল, রেজিলিয়েন্স ও হার্ডশিপের নানা বাস্তবতা আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয় প্রতিযোগিতায়।

ইরান, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, নেদারল্যান্ডস, রাশিয়া, জার্মানি, ব্রাজিল ও ভারতসহ বিভিন্ন দেশের আলোকচিত্রীরা এতে অংশ নেন। প্রতিযোগিতায় একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান করে নেন ইশতিয়াক আহমেদ শ্রাবন।

আন্তর্জাতিক এ স্বীকৃতির অনুভূতি জানিয়ে ইশতিয়াক আহমেদ শ্রাবন বলেন, “বিশ্ব আলোকচিত্র দিবসের পরদিন এমন একটি আন্তর্জাতিক অর্জনের খবর পাওয়া সত্যিই আনন্দের ও অনুপ্রেরণার। এ স্বীকৃতি আমার কাজের প্রতি আগ্রহ ও দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। আমি সবসময়ই ছবির মাধ্যমে মানুষের গল্প বলার চেষ্টা করি। সেই গল্পের সন্ধানে পথে-প্রান্তরে ছুটে চলি, মানুষের কাছে যাই, তাদের জীবনযাপন দেখি এবং বাস্তবতার নানা দিক ক্যামেরায় ধারণ করার চেষ্টা করি। এ অর্জন ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”

ইশতিয়াক আহমেদ শ্রাবন ফ্রিল্যান্স ফটোজার্নালিস্ট ও ডকুমেন্টারি ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন।

পাশাপাশি তিনি ফোটোটুরবাংলা ডটকম পরিচালনা করছেন। এর আগে, তার আলোকচিত্র আন্তর্জাতিক পর্যায়ে আরও আটটি পুরস্কার অর্জন করেছে।