র্যাম্প-লিফট নেই, রাবির লাইব্রেরিতে বঞ্চিত প্রতিবন্ধী শিক্ষার্থীরা
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ২১:৪৬ | অনলাইন সংস্করণ
রাবি প্রতিনিধি

প্রায় ছয় দশক পেরিয়ে গেলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় প্রবেশগম্যতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত হয়নি। র্যাম্প, লিফট ও উপযোগী ওয়াশরুম না থাকায় হুইলচেয়ার ব্যবহারকারী ও শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের অনেকেই গ্রন্থাগারে প্রবেশ করতে পারছেন না। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্যও নেই প্রয়োজনীয় সহায়ক ব্যবস্থা।
আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও হুইলচেয়ার ব্যবহারকারী মো. রিফাত রহমান বলেন, ‘চার বছরের ক্যাম্পাসজীবনে লাইব্রেরির বারান্দায় গিয়েছি, কিন্তু ভেতরে ঢুকতে পারিনি। কারণ আমার জন্য সেখানে ঢোকার মতো পরিবেশ নেই। দোতলায় ওঠার জন্য লিফট বা র্যাম্প নেই, উপযোগী ওয়াশরুমও নেই। এটা করুণার বিষয় নয়, এটি আমাদের অধিকার।’
ইতিহাস বিভাগের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী নাঈম হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে চার বছরে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আমাদের জন্য লাইব্রেরিতে আলাদা কোনো কর্নার বা পড়ার পরিবেশ না থাকা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল ব্যবস্থাসহ বিভিন্ন সুবিধা থাকলেও রাবিতে তা নেই।’
রাকসুর সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুবিধার জন্য লিফট, র্যাম্প ও প্রয়োজনীয় সরঞ্জামের বিষয়ে উপাচার্যের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখনো বাস্তবায়ন হয়নি।
কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক অধ্যাপক ড. মো. হাবিবুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের দাবির বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসনও বিষয়টি আন্তরিকভাবে দেখছে। আশা করছি, কয়েক দিনের মধ্যে এর ফল পাওয়া যাবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বাজেট বরাদ্দ হয়েছে। কিছুটা সময় লাগবে। লাইব্রেরিতে লিফট, র্যাম্প ও প্রয়োজনীয় ওয়াশরুমের ব্যবস্থা করা হবে। শুধু লাইব্রেরি নয়, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য জায়গাতেও তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই কাজ শেষ করতে পারব।’
