রাবিতে বুথ থেকে হারানো আইফোনের ক্ষতিপূরণ দিলো ছাত্রশিবির

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৪ | অনলাইন সংস্করণ

  রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষা চলাকালীন ছাত্রশিবিরের ভর্তি সহায়তা বুথ থেকে হারিয়ে যাওয়া একটি আইফোনের ক্ষতিপূরণ দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে ফোনটির ক্ষতিপূরণ ভুক্তভোগী শিক্ষার্থীকে বুঝিয়ে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময় ছাত্রশিবিরের ভর্তি সহায়তা বুথ থেকে আইফোনটি হারিয়ে যায়। পরে ফোনটি উদ্ধারের জন্য থানায় জিডি করা হয়। তবে দীর্ঘদিনেও পুলিশ ফোনটি উদ্ধার করতে না পারায় সংগঠনটির পক্ষ থেকে ভুক্তভোগী শিক্ষার্থীকে ফোনটির সমমূল্যের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীব বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালীন ছাত্রশিবিরের ভর্তি পরীক্ষা সহায়তা বুথ থেকে একটি আইফোন হারিয়ে যায়। তৎক্ষণাৎ রাবি ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে মতিহার থানায় জিডি করা হয়। দীর্ঘদিন ধরে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা সত্ত্বেও এখন অবধি ফোনটির কোনো হদিস পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘আমরা হারানো ফোনটির ক্ষতিপূরণ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি। প্রক্টর দপ্তরে ফোনটির ক্ষতিপূরণ ভুক্তভোগী শিক্ষার্থীকে বুঝিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, পুলিশ ফোনটি উদ্ধার করার পর প্রদানকৃত ক্ষতিপূরণ ফেরত সাপেক্ষে উক্ত শিক্ষার্থী ফোনটি ফেরত পাওয়ার অধিকার সংরক্ষণ করেন বলে সিদ্ধান্ত হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ভুক্তভোগী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার নিকট আমরা দুঃখ প্রকাশ করছি।’