বায়তুল মোকাররমে শুক্রবার থেকে মাসব্যাপী ইসলামী বইমেলা

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০১ | অনলাইন সংস্করণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ

চত্বরে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হচ্ছে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, দেশের বিভিন্ন প্রান্তের পাঠক, লেখক, প্রকাশক ও ইসলামি সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে এ বইমেলাটি হতে যাচ্ছে জ্ঞানচর্চা ও ইসলামী সংস্কৃতির এক প্রাণবন্ত মিলনমেলা।

ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ আয়োজিত এবারের ইসলামি বইমেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ও ইসলামি বইয়ের প্রকাশকসহ ২০৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

মেলায় পবিত্র কুরআন, হাদিস, সীরাত, ইসলামি দর্শন, ইতিহাস, গবেষণা, ধর্মীয় সাহিত্য, শিশু-কিশোরদের উপযোগী ইসলামি গ্রন্থসহ বিভিন্ন বিষয়ে বিপুলসংখ্যক বই পাওয়া যাবে।

দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বিভিন্ন ইসলামি প্রকাশনা সংস্থা মেলায় তাদের প্রকাশিত গ্রন্থ প্রদর্শন ও বিক্রি করবে। ফলে ইসলামি জ্ঞানচর্চায় আগ্রহী পাঠকরা একই স্থানে বিভিন্ন প্রকাশকের বই সংগ্রহের সুযোগ পাবেন।

ইসলামিক ফাউন্ডেশন আশা করছে, এ বইমেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ইসলামি জ্ঞান, পাঠাভ্যাস ও নৈতিক মূল্যবোধের প্রসার ঘটবে। বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে পবিত্র কুরআন, হাদিস, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং ইসলামের শান্তি, সাম্য, মানবিকতা ও কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে বইমেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বইমেলায় দেশ-বিদেশের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণ এবং বিপুলসংখ্যক ইসলামি গ্রন্থের সমাহারের কারণে ব্যাপক জনসমাগম হবে বলে আশা করছে ইসলামিক ফাউন্ডেশন।