আইফোন ছিনতাই নাকি অন্য উদ্দেশ্য, খতিয়ে দেখছে পুলিশ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২ | অনলাইন সংস্করণ

  কুবি প্রতিনিধি

কুমিল্লায় কিশোর অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আইফোন ছিনতাইয়ের পাশাপাশি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি তদন্তে একাধিক দল মাঠে কাজ করছে এবং ইতোমধ্যে গুরুত্বপূর্ণ কিছু সূত্র পাওয়া গেছে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের সন্তানের মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ‘আজকের ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। ঘটনাটি আমাদের অন্তরকে নাড়া দিয়েছে। কী কারণে এই ছোট শিশুটিকে হত্যা করা হয়েছে, তা আমরা খতিয়ে দেখছি। এটি কি শুধু একটি আইফোনের জন্য, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে—তাও তদন্ত করে দেখা হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের একাধিক তদন্ত দল মাঠে কাজ করছে এবং কিছু গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে। যতক্ষণ পর্যন্ত প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করা না হচ্ছে, ততক্ষণ আমরা নিরলসভাবে কাজ করে যাব।’

প্রসঙ্গত, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় কিশোর অপ্রতিম। নিখোঁজের পর পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে তার সন্ধানে খোঁজাখুঁজি করেন।

নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ইতোমধ্যে তুহিন, আনাস ও ফাহিম নামের তিনজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ।