রাবি শিক্ষার্থীদেরকে অ্যাম্বুলেন্স উপহার দিল ছাত্রশিবির

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৮ | অনলাইন সংস্করণ

  রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের চিকিৎসাসেবা আরও সহজ করতে একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. মাহফুজা সিদ্দিকা লিপির কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

হস্তান্তর অনুষ্ঠানে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, মেডিকেল সেন্টারের সংস্কারের জন্য ২০২৫ সালের শুরুতেই ছাত্রশিবিরের পক্ষ থেকে প্রশাসনের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল। শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ইশতেহারেও মেডিকেল সেন্টার সংস্কারের বিষয়টি ছিল। এর অংশ হিসেবে আজ অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে মেডিকেল সংস্কারের একটি ধাপ অতিক্রম হয়েছে।

তিনি বলেন, মেডিকেল সেন্টারে লজিস্টিক সাপোর্ট ও বিশেষায়িত চিকিৎসক যুক্ত করার বিষয়ে প্রশাসন ও মেডিকেল সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। দ্রুত এটিকে পূর্ণাঙ্গ মেডিকেলে রূপ দেওয়ার আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ১০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার প্রত্যাশা জানান।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “শিক্ষার্থীদের চিকিৎসাসেবার উন্নয়নের জন্য আমরা এই অ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছি। দলমতনির্বিশেষে শিক্ষার্থীদের জন্যই এটি উপহার দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রতিষ্ঠার এত বছর পরও পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার প্রতিষ্ঠিত না হওয়াকে তিনি প্রশাসনের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. মাহফুজা সিদ্দিকা লিপি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কাছে হওয়ায় জরুরি রোগীদের সেখানে নিতে হয়। একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে গেলে অনেক সময় মেডিকেল সেন্টারে আর অ্যাম্বুলেন্স থাকে না। নতুন অ্যাম্বুলেন্সটি যুক্ত হওয়ায় এ সংকট অনেকটাই কমবে। প্রশাসন একজন চালক নিয়োগ দিলেই এটি নিয়মিত কাজে ব্যবহার করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল, সেক্রেটারি হাফেজ মেহেদী হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।