ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় টানা তিনবার বেরোবির অধ্যাপক ফেরদৌস

শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় টানা তিনবার বেরোবির অধ্যাপক ফেরদৌস

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ারের (Elsevier) যৌথ মূল্যায়নে টানা তিনবার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানী ও গবেষকের তালিকায় স্থান পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. ফেরদৌস রহমান।

২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রকাশিত তালিকায় ধারাবাহিকভাবে তিনি এ স্বীকৃতি অর্জন করেন।

সর্বশেষ তালিকা অনুযায়ী, পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান (Physics & Astronomy) ক্যাটাগরিতে তাঁর বৈশ্বিক র‍্যাঙ্ক ২৮ হাজার ২৫০ এবং অ্যাপ্লায়েড ফিজিক্স (Applied Physics) সাবফিল্ডে অবস্থান ৫১৫তম। তাঁর গবেষক প্রোফাইলে এইচ-ইনডেক্স (H-index) ৩০ এবং এইচএম-ইনডেক্স (Hm-index) ১১।

অধ্যাপক ড. ফেরদৌস রহমান দীর্ঘদিন ধরে নবায়নযোগ্য জ্বালানি ও উন্নত সৌরশক্তি প্রযুক্তি নিয়ে গবেষণা করে আসছেন। তাঁর এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

নিজের এ অর্জনের অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমি ২০২৪–২০২৬ সালে বিশ্বের Top 2% Scientists তালিকায় স্থান লাভ করেছি। এই অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দের, গর্বের এবং একই সঙ্গে একটি বড় দায়িত্বের বিষয়। এই স্বীকৃতি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়; এর পেছনে রয়েছে আমার পরিবার, শিক্ষক, সহকর্মী, শিক্ষার্থী এবং গবেষণার সঙ্গে সম্পৃক্ত সকল শুভাকাঙ্ক্ষীর আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণা।’

তিনি বলেন, ‘আমার গবেষণার মূল লক্ষ্য হলো উন্নত সৌরশক্তি প্রযুক্তির মাধ্যমে টেকসই ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখা। কোনো স্বীকৃতিই গবেষণার শেষ নয়, বরং এটি আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায়। ভবিষ্যতে তরুণ গবেষকদের সঙ্গে নিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের বিজ্ঞান ও গবেষণাকে আরও শক্তিশালীভাবে তুলে ধরতে চাই।’

এ অর্জনের পেছনে সহযোগিতা ও অনুপ্রেরণা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান অধ্যাপক ড. ফেরদৌস রহমান। একই সঙ্গে দেশের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

অধ্যাপক ফেরদৌস,বেরোবির অধ্যাপক,টানা তিনবার,শীর্ষ বিজ্ঞানীদের তালিকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত