দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির আহ্বান রাষ্ট্রপতির
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১১:২৫ | অনলাইন সংস্করণ

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উচ্চশিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত দেশের বিভিন্ন খাতে কাজ করার উপযোগী দক্ষ কর্মী তৈরি করা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও দেশে অসংখ্য গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে। এরপরও দেশের বিভিন্ন কৌশলগত স্থাপনা, বন্দর, বিশেষায়িত প্রতিষ্ঠান, এমনকি বেসরকারি কোম্পানি পরিচালনার জন্য বিদেশি কর্মী নিয়োগ দিতে হচ্ছে কেন; সে প্রশ্নও তোলেন তিনি।
সাক্ষাৎকালে ড. মো. সবুর খান রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়টিতে নিজস্ব পেটেন্ট উন্নয়ন বিভাগ রয়েছে, যা গবেষকদের উদ্ভাবনের পেটেন্ট অধিকার সংরক্ষণ ও বাণিজ্যিকীকরণে সহায়তা করে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়টিতে গবেষণা, প্রোডাকশন অ্যান্ড মাল্টিমিডিয়া, নিউট্রিশন অ্যান্ড ফুড, ফিশারিজ এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনসহ বিভিন্ন কর্মমুখী বিষয়ে শিক্ষা দেওয়া হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক বিভিন্ন র্যাঙ্কিংয়ে অগ্রগতি অর্জন করছে বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান।
সাক্ষাৎকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান ড. মো. সবুর খান।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কবির, ট্রাস্টি বোর্ডের সদস্য ড. মো. ইমরান হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবাল, একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল এবং রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, সচিব এ জে এম সালেহউদ্দিন নাগরী এবং প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।
