এনসিটিবির ৯ কর্মকর্তা বদলি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১৯:২৯ | অনলাইন সংস্করণ

সম্প্রতি পাঠ্যবই নিয়ে নানা সমালোচনার মুখে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয়জন কর্মকর্তাকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়। এনসিটিবি থেকে বদলি করে তাদের বিভিন্ন সরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বদলিকৃত কর্মকর্তারা আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্ণে তারা তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
তথ্য মতে, সহযোগী অধ্যাপক মো. কামরুল হক ভূঞাকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে, বিশেষজ্ঞ মো. হুমায়ুন কবিরকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে, বিশেষজ্ঞ আহসানুল আরেফিন চৌধুরীকে যশোরের সরকারি টিচার্স ট্রেনিং কলেজে, বিশেষজ্ঞ মো. আবু হানিফকে রংপুরের টিচার্স ট্রেনিং কলেজে, অধ্যাপক মো. রেজাউল করিমকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে, মনির হোসেন মজুমদারকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে, মাহমুদ বিন আমিনকে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে, আফসানা আইয়ুবকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে এবং এম এম আসাদুজ্জামানকে লালমনিরহাট সরকারি কলেজে বদলি করা হয়েছে।
এর আগে রোববার (২৫ অক্টোবর) পাঠ্যবইয়ের ‘দাঁড়িপাল্লাকাণ্ডে’ এনসিটিবির কর্মকর্তা মু. আবদুল্লাহ আল যোবায়েরকে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে বদলি করা হয়েছিল।
