পদোন্নতি নিতে এলে অনুপস্থিতদের মনে রাখব: কুবি ছাত্রদল আহ্বায়ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ২২:০২ | অনলাইন সংস্করণ

  কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি কিংবা অন্য কোনো সুযোগ-সুবিধা নিতে এলে মনে রাখা হবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ।

তিনি বলেন, ‘যারা জাতীয় দিবসকে অবহেলা করে, তাদের আমরা মনে রাখব। ভিসি স্যারের কাছে পদোন্নতি কিংবা অন্য কোনো সুবিধার জন্য গেলেও তাদের মনে রাখব।’

গত ৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান শুভ বলেন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সবাই বিশ্ববিদ্যালয়ের অংশীদার। জাতীয় দিবসের মতো একটি অনুষ্ঠানে অনেকেই উপস্থিত হননি। যারা দিবসটিকে গুরুত্ব দেননি, তাদের আমরা মনে রাখব। বারবার বলছি, আমরা তাদের মনে রাখব। আপনারা কোন আমলে নিয়োগ পেয়েছেন, এত বছর ধরে সব দিবস উদ্‌যাপন করতে পেরেছেন, অথচ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আসতে পারেননি।

তিনি আরও বলেন, ‘আজকে যারা বিরোধী দলের রাজনীতি করছেন, তাদের রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু দুঃখের বিষয়, আপনারা এই ব্যক্তিকে স্মরণ করেন না। খুবই আশ্চর্য লাগল। এই ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে ৪০০ জনের বেশি রয়েছেন। অথচ অনুষ্ঠানে উপস্থিতি ছিল সম্ভবত ১০০ জনের মতো।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘এই দিবসটিকে যারা অবহেলা করেছেন, তাদের চিহ্নিত করুন। যারা আজ আপনাদের অনুষ্ঠানের ডাকে সাড়া দেননি, তারাই দেখবেন আগামীকাল আপনাদের দ্বারে কিংবা ভিসি স্যারের কাছে পদোন্নতি, আপগ্রেডেশন বা অন্য কোনো সুযোগ-সুবিধার জন্য অনুরোধ নিয়ে যাবেন। আমরা সুন্দর একটি সহাবস্থানের ক্যাম্পাস প্রত্যাশা করেছিলাম। কিন্তু তারা শুধু সুবিধা নেওয়ার জন্য সহাবস্থানের কথা বলেন।’

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, গত ১৭ বছর বাংলাদেশে দিবসটি উদ্‌যাপন করতে দেখা যায়নি। এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করায় ছাত্রদলের পক্ষ থেকে প্রশাসনকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান তিনি। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে আসা এবং বিভিন্ন রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দেওয়ার বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার ও প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন। এ ছাড়া বিভিন্ন দপ্তরের পরিচালক, ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।