ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

পেছাল কুবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়, শুরু ১০ ডিসেম্বর

পেছাল কুবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়, শুরু ১০ ডিসেম্বর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় পিছিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। আবেদন চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১১ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ১৫ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত চলার কথা জানানো হয়েছিল। নতুন সিদ্ধান্তে আবেদনের সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে।

পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষা আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ভর্তি পরীক্ষা ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায় এবং ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

এ ছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতেও ভর্তি পরীক্ষার কেন্দ্র রাখা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, মূলত ২০২৬ সালের এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও যেন ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারেন, সে জন্য আবেদনের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের আগেই তারা আবেদন করতে পারবেন। তবে ফল প্রকাশের পর কোনো শিক্ষার্থীর নির্ধারিত আবেদনযোগ্যতা না থাকলে তার আবেদন বাতিল করা হবে।

১০ ডিসেম্বর,আবেদনের সময়,কুবি ভর্তি পরীক্ষা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত