সকাল থেকে অবরুদ্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ২২:৪৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

আদালতের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ হয়েছে ।
আজ (সোমবার) সকাল ১০টার দিকে এই কর্মসূচি শুরু হয়। রাত ৮টা পর্যন্ত নিজ দপ্তরে অবরুদ্ধ রয়েছেন উপাচার্য।
গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। সোমবার সকালে আন্দোলনকারীরা উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন। তাদের দাবি, উচ্চ আদালতের নির্দেশে চাকরি ফিরে পাওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীকে আগের জ্যেষ্ঠতা ফিরিয়ে দেওয়া, পদোন্নতি এবং বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে হবে।
আন্দোলনকারীদের কর্মসূচির বিপরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরাও পাল্টা কর্মসূচি দেন। তারা ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা তিনটার দিকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে ক্যাম্পাসে ‘লকডাউন’ ঘোষণা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
রাত সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখার সময় উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ তার কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন। আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক চলছিল। তবে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
যারা আন্দোলন করছেন, তাদের বিষয়টি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। এখানে আমার কী করার আছে? তারা অন্যায়ভাবে আমাকে অবরুদ্ধ করে রেখেছেন।
উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ গণমাধ্যমকে বলেন, যারা আন্দোলন করছেন, তাদের বিষয়টি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। এখানে আমার কী করার আছে? তারা অন্যায়ভাবে আমাকে অবরুদ্ধ করে রেখেছেন।
আপিল বিভাগের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন খাতে অপ্রয়োজনীয়ভাবে কোটি কোটি টাকা ব্যয়ের অভিযোগ করেন।
তারা বলেন, সংস্কারের নামে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ও টেকসই ভবনের কাঠামো পরিবর্তন করে ঐতিহ্য নষ্ট করা হচ্ছে। বিভিন্ন প্রকল্প ও খাতে বিপুল অর্থ ব্যয় করা হলেও দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য পাওনা পরিশোধে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেই।
আবা/এসআর/২৬
