নিখোঁজের দুদিন পর ধানক্ষেতে অচেতন অবস্থায় রাবি শিক্ষার্থী উদ্ধার

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ২২:২০ | অনলাইন সংস্করণ

  রাবি প্রতিনিধি

নিখোঁজের দুই দিন পর নাটোরের বড়াইগ্রামের একটি ধানক্ষেত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নিখোঁজ শিক্ষার্থী মো. হৃদয় আলীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর বিলের একটি ধানক্ষেত থেকে স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মী জাফর আলীসহ কয়েকজন তাকে উদ্ধার করেন।

উদ্ধারের পর শ্বাসকষ্ট ও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পুলিশের সহায়তায় তাকে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।

উদ্ধার হওয়া হৃদয় বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঠাকুরগাঁওয়ে। তিনি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকার ‘মণ্ডল ম্যানশন’ নামের একটি মেসে থাকেন।

খবর পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম ও সহকারী প্রক্টর অধ্যাপক মো. জহুরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত বনপাড়ার ওই হাসপাতালে ছুটে যান। তারা চিকিৎসকদের কাছ থেকে হৃদয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাকে রামেকে পাঠানো হয়।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, হৃদয়কে নাটোরের শিবপুরে একটি ধানক্ষেতের পাশে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। খবর পেয়েই তিনি প্রক্টরিয়াল বডির সদস্যদের নিয়ে অ্যাম্বুলেন্সসহ নাটোরের হাসপাতালে যান। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে রামেকে পাঠানো হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও মানসিক অবস্থা স্বাভাবিক নয়। হৃদয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এদিকে, নিখোঁজ শিক্ষার্থীর স্বজনরা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি কালো ব্যাগ নিয়ে মেস থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পরদিন শুক্রবার রাজশাহীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তদন্তে পুলিশ তার মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান রাজশাহী শহরের শিরোইল কলোনি এলাকায় শনাক্ত করেছিল।

স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২টার দিকে শিবপুর বিলের একটি ধানক্ষেতে হৃদয়কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে থানায় খবর দেওয়া হয়।

বনপাড়া আমিনা হাসপাতালের চিকিৎসক ডা. আনসারুল হক বলেন, তার চিকিৎসা চলছে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাকে রামেকে পাঠানো হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থী এখনো কথা বলতে পারছেন না। এ কারণে কীভাবে তিনি এখানে এলেন, তা জানা সম্ভব হয়নি। রাজশাহীর মতিহার থানা ও বড়াইগ্রাম থানা পুলিশ যৌথভাবে বিষয়টি তদন্ত করছে। তিনি সুস্থ হয়ে উঠলে বিস্তারিত জেনে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।