এইচএসসির উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফল প্রকাশ আজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪২ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে। পাশাপাশি আবেদন করার সময় পরীক্ষার্থীদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক আক্তারুজ্জামান ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবার দেশের ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪ দিনে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে।

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।

ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া শুরু হয়। প্রকাশিত ফলে এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।

 

আবা/এসআর/২৬