ফ্যাসিস্ট আমলে পদোন্নতি পাওয়া ব্যক্তিরাই এখন বড় বিএনপি: বেরোবি উপাচার্য
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ২০:২৯ | অনলাইন সংস্করণ
বেরোবি প্রতিনিধি

ফ্যাসিস্ট আমলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে পদোন্নতি ও পদ-পদবি পাওয়া ব্যক্তিরাই এখন বিশাল বড় বড় বিএনপি হয়েছেন বলে মন্তব্য করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিংবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর তৃতীয় তলায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চ্যুয়াল ক্লাসরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপাচার্য বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে কে প্রমোশন পেয়েছে, ফ্যাসিস্টদের কাছ থেকে, ফ্যাসিস্টরাই পেয়েছে। এখন আবার তারা বিএনপি, বিশাল বড় বড় বিএনপি। তাদের তথ্য তো আমার কাছে আছে, তোমাদের কাছেও আছে আমার চেয়ে বেশি। তাই না? তাদের কথাবার্তা যদি আমি চলি, তবে আমিও ফ্যাসিস্টের সহযোগী। আই হেট দেম।’
তিনি আরও বলেন, ‘তোমাদের সাহায্য-সহযোগিতা দরকার বিশ্ববিদ্যালয় ফ্যাসিস্টমুক্ত করার জন্য।’ এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের তুলনায় শিক্ষার্থীদের ওপর প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষার দায়িত্ব বেশি বলেও মন্তব্য করেন তিনি।
তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী আওয়ামী লীগ সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগ বোর্ডে বিশেষজ্ঞ (এক্সপার্ট) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান (২০০৮-২০০৯), তৃতীয় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী (২০১৩-২০১৭) এবং চতুর্থ উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহর (২০১৭-২০২১) দায়িত্বকালেও বিভিন্ন নিয়োগ বোর্ডে তাঁকে এক্সপার্ট হিসেবে দেখা গেছে।
সূত্রটি আরও জানায়, বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর বর্তমান পরিচালক গণিত বিভাগের অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, বর্তমান প্রক্টর মো. ইসমাইল হোসেন এবং আবু সাঈদ হত্যা মামলার আসামি মশিউর রহমানের স্ত্রী আইরীন আক্তারের নিয়োগ বোর্ডেও এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান উপাচার্য।
এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ ছাড়া হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো প্রতিউত্তর দেননি।
এদিকে বিশ্ববিদ্যালয়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় দক্ষ করে তুলতে পিআইবি তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। এতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণের প্রথম দিনে এআই সাংবাদিকতাবিষয়ক সেশন পরিচালনা করেন আরিফুল ইসলাম আরমান। তিনি ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ হিসেবে কর্মরত। প্রশিক্ষণ কর্মসূচির সমন্বয়কের দায়িত্ব পালন করছেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।
