উপাচার্যের কার্যালয়ে সংঘর্ষের জের, বেরোবির ৪ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ২১:৫২ | অনলাইন সংস্করণ
বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উপাচার্যের কক্ষে তার সামনেই কর্মকর্তাদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চার নেতাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১২৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্ত হওয়া চার কর্মকর্তাই সংগঠনটির শীর্ষ চারটি পদে দায়িত্ব পালন করছেন।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির উপ-গ্রন্থাগারিক ও জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সাধারণ সম্পাদক মো. মামদুদুর রহমান, সংস্থাপন শাখা-২-এর অতিরিক্ত রেজিস্ট্রার ও ফোরামের সহসভাপতি ড. মো. জিয়াউল হক, সংস্থাপন শাখা-১-এর উপ-রেজিস্ট্রার ও ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম এবং ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের প্রিন্সিপাল রিসার্চ অফিসার ও ফোরামের সভাপতি ড. রোকনুজ্জামান।
বৃহস্পতিবার রাতে নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, বরখাস্ত হওয়া চার কর্মকর্তা একই সংগঠনের শীর্ষ পদে থাকায় এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ও অসন্তোষ তৈরি হয়েছে। জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের নেতাদের কোণঠাসা করতেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা।
তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয় থেকে জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের ভাষ্য, ঘটনাটি তদন্তে গঠিত কমিটি ছিল একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। কমিটির কোনো সুপারিশ ছিল না। এমনকি সাময়িক বরখাস্তের আগে তাঁদের কাউকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়নি।
অন্যদিকে, সংঘর্ষের সময় উপাচার্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। তাঁদের অভিযোগ, উপাচার্যের কার্যালয়ে তাঁর সামনেই সংঘর্ষের ঘটনা ঘটলেও তিনি তাৎক্ষণিকভাবে কর্মকর্তাদের শান্ত করতে কার্যকর ভূমিকা নেননি। সে সময় তিনি হস্তক্ষেপ করলে পরিস্থিতি এত দূর গড়াত না বলেও মনে করছেন তাঁরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
যেভাবে সংঘর্ষের সূত্রপাত
গত ৫ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর উপস্থিতিতে তাঁর কার্যালয়ে কর্মকর্তাদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাঠানো একটি চিঠিকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইউজিসির পাঠানো ওই চিঠি নিয়ে উপাচার্যের কক্ষে আলোচনা চলাকালে কর্মকর্তাদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা দুই পক্ষের সংঘর্ষে রূপ নেয়। এ সময় একে অপরকে লক্ষ্য করে ফুলের টব ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। এতে বাংলা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার রফিকুল ইসলাম এবং সংস্থাপন শাখার অতিরিক্ত রেজিস্ট্রার ড. জিয়াউর রহমান আহত হন। রফিকুল ইসলামের মাথায় আঘাত লাগলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়।
ঘটনার পরদিন ৬ নভেম্বর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির আহ্বায়ক করা হয় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মাসুদ রানাকে। সদস্যসচিব ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসমাইল হোসেন এবং সদস্য ছিলেন শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. জিন্নাতুল বাশার।
