নিককে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার কারণ জানালেন প্রিয়াঙ্কা

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৩ | অনলাইন সংস্করণ

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া কর্মজীবনের মতো ব্যক্তিজীবনেও সুখী। হলিউড গায়ক ও অভিনেতা নিক জোনাসকে বিয়ে করে ক্যালিফোর্নিয়ায় সংসার পেতেছেন তিনি। কিছুদিন আগে এক কন্যাসন্তানের মা হয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ভাইয়ের বিয়েতে মুম্বাই অবস্থানরত প্রিয়াঙ্কা জানান, প্রেমে ব্যর্থতার অভিজ্ঞতা থেকেই জীবনসঙ্গী নির্বাচনের সময় বিশেষ কিছু বিষয় মাথায় রেখেছিলেন। তিনি বলেন, "আমি প্রথমে দেখেছি মানুষটি সৎ কি না। দ্বিতীয়ত, পরিবারকে সময় দেয় কি না। তৃতীয়ত, আমার পেশাকে সম্মান করে কি না। চতুর্থত, আমি সবসময় সৃষ্টিশীল ও উচ্চাকাঙ্ক্ষী কাউকে চেয়েছি, যার সঙ্গে জীবনে বড় কিছু করার লক্ষ্য থাকবে।”

প্রিয়াঙ্কা আরও জানান, নিকের মধ্যে এসব গুণ থাকায় তার সঙ্গেই সংসার পাতার সিদ্ধান্ত নেন তিনি। উল্লেখ্য, ২০১৭ সালে "মেট গালা"য় নিকের সঙ্গে তার পরিচয় হয় এবং ২০১৮ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনের সাত বছর পূর্ণ করেছেন এই দম্পতি।