১৮ বছর পর শুভশ্রীর আবেগঘন মুহূর্ত, ফাঁস করলেন প্রসেনজিৎকে বিয়ের ইচ্ছার কথা!
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫০ | অনলাইন সংস্করণ

টলিউডে ১৮ বছর পূর্ণ করলেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এ উপলক্ষে তিনি তার অনুরাগীদের সঙ্গে সময় কাটান। এদিন শুভশ্রী নিজের জীবনের নানা গল্প শোনান, যার মধ্যে সবচেয়ে মজার ছিল ছোটবেলায় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিয়ে করার ইচ্ছা!
শুভশ্রী বলেন, "ছোটবেলায় ভাবতাম, বড় হয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিয়ে করব। সত্যিই মনে হতো বুম্বাদার সঙ্গে আমার বিয়ে হবে!" তবে এখন তিনি একজন সফল অভিনেত্রী, স্ত্রী, মা এবং সর্বোপরি একজন ভালো মানুষ।
তিনি বলেন, "সিনেমা আমার জীবনের একটা অংশ, পুরো জীবন নয়। এই অংশে আমি অনেক কিছু পেয়েছি, বিশেষ করে মানুষের ভালোবাসা।"
এদিন অনুরাগীরা দূরদূরান্ত থেকে এসে শুভশ্রীকে দেখেন। তাদের চোখে জল দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। তিনি তার স্বামী রাজ চক্রবর্তী এবং দুই সন্তানকে পাশে পেয়ে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করার ইচ্ছা প্রকাশ করেন।
শুভশ্রী আরও জানান, তিনি বলিউডের শাহরুখ খান এবং টলিউডের জিৎ-কোয়েল জুটির বড় ভক্ত। তার এই সরস ও আবেগঘন স্বীকারোক্তি অনুরাগীদের মনে দাগ কেটেছে।
