অনলাইন সংস্করণ
১৩:৫৪, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫
বলিউড তারকা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় বিতর্ক যেন থামছেই না। ঘটনার তিন দিনের মধ্যেই অভিযুক্ত শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ, মিলেছিল তার আঙুলের ছাপও। কিন্তু হামলা নিয়ে নানা প্রশ্ন উঠছে, কারণ একাধিক ব্যক্তির বক্তব্য মিলছে না।
সম্প্রতি অভিনেতা কমল আর খান দাবি করেছেন, পুরো হামলার ঘটনাই সাজানো এবং এর পেছনে থাকতে পারেন কারিনা কাপুর খান। এর মধ্যেই কারিনার এক রহস্যময় পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা।
সাইফের ছুরিকাঘাতের পর হাসপাতালে ভর্তি হওয়া, কয়েক দিনের মধ্যেই সুস্থ হয়ে বেরিয়ে আসা, এবং তার শরীরে বড় কোনো ক্ষত না থাকায় অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। কমল আর খানের দাবি, এটি আসলে সাইফ-কারিনার দাম্পত্য কলহের পরিণতি।
এই বিতর্কের মাঝেই কারিনা লিখেছেন, “বিয়ে, বিচ্ছেদ, ভয়, শিশুর জন্ম, প্রিয়জনের মৃত্যু—এসব না হলে কেউ বুঝতে পারে না। জীবন নিয়ে বিভিন্ন ধারণা ও কল্পনা বাস্তব নয়।”
তার এই পোস্ট নিয়ে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। তাহলে কি সত্যিই সাইফের ওপর হামলা হয়নি? নাকি এটি অন্য কোনো পারিবারিক ঘটনার প্রতিফলন? রহস্যের জট এখনো খোলেনি।